নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ শনিবার সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আবু সাইদ মাতবর। তার বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা।
এদিকে করোনায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় কাশিপুর আট নম্বর ওয়ার্ডের সুচিন্তাপুর ও আমবাগান এলাকায় প্রায় ৩শ বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। শনিবার গভীর রাতে এসব বাড়ি লকডাউন করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
নিহতের ছেলে মেহেদী হাসান রবিন বলেন, তার বাবা গত দুইদিন যাবত শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। শরীরের অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা নিয়ে যাবার কথা বলে। শুক্রবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শনিবার সকাল ৯টায় মারা যান তিনি। আইইডিসিআর থেকে লোকজন এসে পরীক্ষা করে করোনার কথা জানায়।
মেহেদী হাসান আরও জানান, তার বাবার ডেথ সার্টিফিকেটেও করোনায় মৃত্যুর কথা উল্লেখ রয়েছে৷ লাশ আইইডিসিআর এর লোকজনের তত্ত্বাবধানে ঢাকার খিলগাওয়ে দাফন করা হয়। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, আইইডিসিআর থেকে এ বিষয়ে ইনিউজ৭১ কে নিশ্চিত করা হয়েছে।