
প্রকাশ: ২ এপ্রিল ২০২০, ১:৬
বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১২টা থেকে ১টা, করোনাভাইরাসের কারণে চারদিকে সুনসান নীরবতা। সড়কের আশপাশে কেউ নেই। হঠাৎ একটি ট্রাক ব্যাক গিয়ার দিয়ে এসে থামল বিল্লাহ ফার্মার সামনে। সবার মাথায় গামছা বাঁধা, মুখে পরা মাস্ক।
মুহূর্তেই দু’জন চাপাতি ও একজন রড নিয়ে ওষুধের দোকানে প্রবেশ করে। তখন ওষুধ কিনতে এসেছিলেন মো. আরমান নামের এক ক্রেতা। কিছু বোঝার আগেই আরমানকে চাপাতির উল্টা পাশ দিয়ে মারতে শুরু করে। ফার্মেসির ভেতরে ছিলেন মালিক নাহিদ বিল্লাহ ও ইউসিবিএল ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি মো. সোহাগ। হঠাৎ এসেই কাস্টমারকে চাপাতি দিয়ে মারতে শুরু করলে কিছুই বুঝে উঠতে পারেননি নাহিদ বিল্লাহ ও সোহাগ। একসময় আরমান, সোহাগ ও নাহিদকে মারতে মারতে দোকানের পেছনে নিয়ে যায়। আরমানের পকেটের মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। ফার্মেসিতে থাকা ল্যাপটপ নগদ টাকা নিয়ে দ্রুত চলে যায়। মাত্র ২ মিনিটের মধ্যেই ডাকাতি করে চলে যায় তারা। এমন ঘটনা ঘটেছে রাজধানী মোহাম্মদপুরের কলেজগেট এলাকার বিল্লাহ ফার্মায়। এমনটিই দেখা যায় দোকানের সিসি ক্যামেরার ফুটেজে।
