
প্রকাশ: ১ এপ্রিল ২০২০, ২২:২২

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল ডব্লিউ নিউজ ৩৬০ ডিগ্রীর প্রকাশক ও সম্পাদক সাগর চৌধুরীকে নির্যাতন ও ওই নির্যাতনের ঘটনা ফেসবুকে লাইভ করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় বড় মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের ছেলে নাবিল হায়দারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নাবিলকে প্রধান আসামী ও ৫ জনের নাম উল্লেখ না করে আসামী করে সাগর চৌধুরী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেন। হামলার পর থেকেই সাংবাদিক সংগঠন সহ সচেতন মহল ন্যায়বিচার দাবি করে আসছিল।
বুধবার দুপুর দেড়টার দিকে বোরহানউদ্দিনের উপজেলা সড়ক এলাকার বাসা থেকে নাবিলকে গ্রেফতার করা হয়। লালমোহন সার্কেলের এডিশনাল পুলিশ সুপার রাসেলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, নাবিল হায়দারকে গ্রেফতার করে বুধবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, নাবিলের বাবা বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের বিরুদ্ধে জেলেদের জন্য আসা চাল কম দিয়ে আত্মসাতের অভিযোগ করায় সাংবাদিক সাগর চৌধুরীর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে নাবিল হায়দারের বিরুদ্ধে। রাগ ঝাড়তে ওই সাংবাদিককে মোবাইল চোর ও ছিনতাইকারী অপবাদ দিয়ে পেটানো হয়। নির্যাতনের ভিডিও নাবিল ফেসবুকে লাইভ সম্প্রচার করে। এরপর ওই সাংবাদিকের বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মঙ্গলবার সকালে উপজেলা সদরের জসিমউদ্দিন হায়দারের মালিকানাধীন রাজমনি সিনেমা হলের সামনে নির্যাতনের এ ঘটনা ঘটে।

এর আগে হামলার ঘটনা জানাজানি হওয়ার পর মঙ্গলবার নাবিল জানায়, তার মোবাইল ফোন সাগর চুরি করে ধরা পড়ায় উপস্থিত জনতা তাকে ঘণধোলাই দেয়। তবে এর সাথে অন্যকিছুর সংশ্লিষ্টতা সে অস্বীকার করে। এদিকে বার বার ফোন করেও তার বাবার কোনও বক্তব্য পাওয়া যায়নি।