
প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১:৬

দেশে মহামারি আকারে রূপ নেওয়ার আগে কোনো গণমাধ্যমে করোনাভাইরাস নিয়ে ‘গুজব ছড়ানো হচ্ছে কি না’ তা তদারকি করতে নেমেছে সরকার। বাংলাদেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এক আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
পাশাপাশি অনলাইন নিউজপোর্টালগুলো মনিটরিং করছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। বিষয়গুলো নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম। গতকাল বুধবার এ আদেশ হয়, আজ বৃহস্পতিবার তা প্রকাশ পায় বলে জানান মিজান উল আলম। তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার আদেশে বলা হয়েছে, ২৪ মার্চ কভিড-১৯ সংক্রমণ প্রতিহতকরণ প্রচার-প্রচারণা সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত বিশ্বব্যাপী কভিড-১৯ সংক্রমণ নিয়ে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে কি না, তা মনিটরিং করার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো বেসরকারি টিভি চ্যানেল করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত হলে তা বন্ধ করতে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

