
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১৬:৬

করোনাভাইরাসের কারণে বিশ্বে আর্থিক মন্দা শুরু হয়েছে। এটি কাটাতে দীর্ঘ সময় লাগতে পারে বলে বিশ্ব অর্থনীতিবিদদের ধারণা। বৃহৎ অর্থনীতির দেশগুলোও তাদের অনেক সিদ্ধান্ত থেকে সরে আসছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। করোনা প্রাদুর্ভাবের মধ্যে সর্বাগ্রে মানুষ বাঁচাতে এখনই ফান্ড গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এ জন্য প্রয়োজনে বাজেট কাটছাঁটের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।গতকাল একান্ত সাক্ষাৎকারে আতিউর রহমান জানান, দেশের আর্থিক খাত সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে। সেগুলো স্বাগত জানানোর মতো। তবে প্রথম করণীয় হচ্ছে দেশের মানুষকে বাঁচাতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে সব ব্যাংকের সঙ্গে আলোচনায় বসতে হবে। বিশেষ করে সিএসআর ফান্ডের (সামাজিক দ্বায়বদ্ধতার আওতা) বাড়াতে হবে।
