আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। নতুন বিধিমালায় পোস্টার, মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশ পর্যন্ত প্রকাশ্য মিছিল করা যাবে না। ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেন ব্যবহার করে মিছিল বা শোভাযাত্রাও নিষিদ্ধ। নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য আকাশযান ব্যবহার করা যাবে না। কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ পোস্টারও ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। প্রচারণা শুরুর আগে কোন কোন মাধ্যম ব্যবহার করা হবে, তা রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে। এসব মাধ্যমে প্রচারের ব্যয় নির্বাচনী ব্যয়ের হিসাবেও অন্তর্ভুক্ত হবে।
এআই ব্যবহারে মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য এবং নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কনটেন্ট তৈরি বা প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ভোটারদের অর্থ, খাদ্য, পানীয় বা উপহার দিয়ে প্রভাবিত করাও নিষিদ্ধ। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে প্রচারণা চালানো যাবে না। ধর্মের অপব্যবহার, পেশিশক্তি, কুৎসা ও চরিত্রহননমূলক প্রচারণাও নিষিদ্ধ।
সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা অন্য সম্পদ ব্যবহার করা যাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারণায় অংশগ্রহণেও বিধিনিষেধ রয়েছে। ভোটের দিন ভোটারদের কেন্দ্রে আনা-নেওয়ার জন্য যানবাহন ভাড়া বা ব্যবহার নিষিদ্ধ। ক্যাম্প ও মাইক ব্যবহারের ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে।
আচরণবিধি লঙ্ঘন প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। পাশাপাশি সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম, অর্থ বা পেশিশক্তির ব্যবহার এবং সরকারি সুবিধা গ্রহণও শাস্তিযোগ্য অপরাধ। ইসির দাবি, বিধিমালার লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন এবং সমান সুযোগ নিশ্চিত করা।