
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ প্রত্যাশার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে বাংলাদেশ ও দেশটির জনগণের ভবিষ্যৎ নিয়ে নিজের আশাবাদের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি নিজের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার গুরুত্বও উঠে আসে তার বার্তায়।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সিদ্ধান্তের জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাম্প আশ্বস্ত করে বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ ও মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন।

দুই নেতার সরাসরি সাক্ষাতের প্রত্যাশার বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ট্রাম্পের এ বার্তাকে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।