প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭:৩৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। সব পদ সৃজন হলে সারাদেশের বিভিন্ন ইউনিটে পুলিশের জনবল উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিদ্যমান জনবল সংকট দূর করতে ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃজনের পাশাপাশি ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পদগুলো চালু হলে রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ সদস্যের সংখ্যা বাড়বে।
জনবল বৃদ্ধির পাশাপাশি পুলিশের পরিবহন ও সরঞ্জাম সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান কেনার মাধ্যমে বিভিন্ন ইউনিটের ঘাটতি পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদে নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পুলিশ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল।

দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশের জনবল সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজনীয় জনবল বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুত ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে এসআই ও সার্জেন্ট পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হলে পর্যায়ক্রমে এসব পদেও নিয়োগ দেওয়া হবে।