
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৬

স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুর্গাপূজা, বন্যা ও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশন’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন ও বিধি-বিধানে কিছু সংশোধন করতে হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশোধনের কাজ ইতোমধ্যে শেষ করে তা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
সিইসি জানান, এসব প্রক্রিয়া সম্পন্ন করতে খুব বেশি সময় লাগবে না। একই সঙ্গে নির্বাচন আয়োজনের অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে আয়োজন করা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে খারাপ হবে না। বরং আগের নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, সেটিকে আরও উন্নত করার চেষ্টা থাকবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যে মানদণ্ড নির্ধারণ করেছে, তার নিচে যাওয়ার সুযোগ নেই। সম্ভব হলে আরও ভালো নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করা হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করেন, নির্বাচনের সিদ্ধান্ত সরকার নেবে না। নির্বাচন কমিশনই প্রয়োজনীয় আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করবে।
সিইসি বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে নির্বাচন কমিশন নিজেরাই নির্বাচনের সময় ঠিক করবে। সরকার কোনো তারিখ নির্ধারণ করে দিলে কমিশন শুধু তা ঘোষণা করবে—বিষয়টি এমন নয়। কমিশনের সামগ্রিক প্রস্তুতি বর্তমানে চলমান রয়েছে।
নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে দুর্গাপূজা, সম্ভাব্য বন্যা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় নেওয়া হবে বলে জানান সিইসি। এসব বিষয় পর্যালোচনা করে উপযুক্ত সময় নির্ধারণের পর স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে।