
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৬:১১

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাব্য বিভিন্ন রুট নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল-রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটকে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রস্তাবিত রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে সরাসরি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের ভৌগোলিক প্রতিবন্ধকতা কাটিয়ে জেলার মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে ভোলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
প্রকল্পসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি কিছু অংশে নতুন সড়ক নির্মাণের প্রয়োজন হবে। পাশাপাশি তিনটি ছোট সেতু নির্মাণের বিষয়ও প্রকল্প পরিকল্পনায় রাখা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের আগে এর সম্ভাব্যতা, কারিগরি দিক এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বিষয়ে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
বর্তমানে নদীবেষ্টিত ভোলার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগে নৌপথের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলে যাত্রী ও পণ্য পরিবহনে সময় কমার পাশাপাশি পরিবহন ব্যয়ও কমে আসবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে ভোলা পর্যন্ত এই সড়কপথ চালু হলে ঢাকা ও বরিশালের সঙ্গে জেলার যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।