
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:১৪

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী অগণিত বীর শহীদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান তিনি।
রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় স্মৃতিসৌধ এলাকায় রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি তুলে ধরে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান মির্জা ফখরুল। তার এই কর্মসূচিকে ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।