
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২০:৩১

সব আনুষ্ঠানিকতা শেষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং লাল গোলাপের স্টিক দিয়ে তাকে অভিনন্দন জানান।
এ সময় সংসদ কক্ষে উপস্থিত সব সংসদ সদস্য টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্যদের উদ্দেশে হাত তুলে সালাম ও অভিবাদন জানান।
পরে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্য সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে এগিয়ে এলে নতুন রাষ্ট্রপতি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে উঠে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। পরে সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের সঙ্গে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গেও তার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়।

নতুন রাষ্ট্রপতি পরে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে করমর্দন করেন। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদেরও সালাম ও শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে ভোট গণনা শুরু হয়। গণনার সময় দুই প্রার্থীর এজেন্টসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোট গণনার সময় সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। ফল ঘোষণার পর সংসদ কক্ষে নতুন রাষ্ট্রপতিকে ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।