মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান-এর তেহরানসহ বিভিন্ন শহরে হামলা শুরু করে বলে জানা গেছে। এর পরপরই ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়েছে। নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই বিমান বাহিনী সক্রিয় হয়ে হুমকি প্রতিহত করার কাজ শুরু করেছে। প্রয়োজন হলে আঘাত হেনে হুমকি নিষ্ক্রিয় করা হবে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল নয়। তাই নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা অবহেলা না করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।