
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১৫:৩২

স্লোভেনিয়াতে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনাভাইরাস সংক্রমিত রোগীর সংখ্যা। সর্বশেষ আজ সকাল স্থানীয় সময় নয়টায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী- এখন পর্যন্ত ৩১৯ জনের শরীরে কোভিড-১৯ খ্যাত নোভেল করোনাভাইরাসের সংক্রমণের অস্তিত্ব মিলেছে। গতকাল পর্যন্ত যে সংখ্যাটি ছিল ২৮৩ জনে। এখন পর্যন্ত স্লোভেনিয়াতে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী মানুষের সংখ্যা সেই একজনেই, পাশাপাশি আজ সকালে স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে সকলকে নিজ ঘরেই কোয়ারান্টাইনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং খুব বেশি প্রয়োজন না হলে কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। রাস্তা-ঘাটে কিংবা পাবলিক প্লেসগুলোতে জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কেবলমাত্র ব্যাংক, পোস্ট অফিস, পেট্রোল স্টেশন, হাসপাতাল, ফার্মেসি, সুপার মার্কেট, খাবারের দোকান অর্থাৎ নিত্য প্রয়োজনীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সকল প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রয়েছে। এছাড়াও লুবলিয়ানাতে ইয়োজে পুচনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও কোনও ফ্লাইট ছেড়ে যাচ্ছে না পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত। পার্শ্ববর্তী রাষ্ট্র ইতালির মতো হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়ার সাথেও স্লোভেনিয়ার সীমান্ত সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
