অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে ১২টি দেশ। দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাও রয়েছে। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, আন্তর্জাতিক আইনের আওতায় তারা নিজ নিজ জাতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করবেন অথবা ইউরোপীয় পর্যায়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে সমর্থন করবেন।
যৌথ বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কর্মকাণ্ড দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। কয়েকটি দেশ নিজস্ব জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে।
১২ দেশের তালিকায় যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স ছাড়াও রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন।
এর আগে মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পার্লামেন্টে ঘোষণা দেন, যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি জানান, কানাডা ও ফ্রান্সও ইসরায়েলের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করবে।
মিলিব্যান্ড আরও জানান, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল ও সুইডেন যুক্তরাজ্যের এ উদ্যোগকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে একটি ব্যাপক নিষেধাজ্ঞা কাঠামো চালুর কথাও জানান তিনি।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু অন্যায় ও দুর্ভোগের নিন্দা জানানোর পরিবর্তে এখন ব্রিটেনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আরও দুর্ভোগ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংসের ঘটনায় তারা নীরব দর্শক হয়ে থাকবেন না।
ইসরায়েল দীর্ঘদিন ধরে অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে বিবেচনা করে। তবে ইসরায়েল আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অবস্থানের সঙ্গে একমত নয়।