বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন নথি এবং সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নথি অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-১ ও বি-২ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিল করা হবে। এ কার্যক্রম মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা হতে পারে। তবে এমন উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট অ্যাসোসিয়েটেড প্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনেক বিদেশি অ-অভিবাসী ভিসায় স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেন। পরে তারা দেশটিতে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করেন।
এ ধরনের আবেদনকারীদের শনাক্ত করে তাদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে ঠিক কতজনের ভিসা বাতিল করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানাতে রাজি হননি পিগোট। তার ভাষ্য, প্রক্রিয়াটি এখনো চলমান থাকায় চূড়ান্ত সংখ্যা এই মুহূর্তে বলা সম্ভব নয়।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।