চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮২ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা না গেলেও কর্তৃপক্ষ জানিয়েছিল, বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরে উদ্ধার তৎপরতা চলার সময় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত ৮২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
চীনের প্রেসিডেন্ট Xi Jinping নিখোঁজ শ্রমিকদের দ্রুত উদ্ধার এবং দুর্ঘটনার কারণ উদঘাটনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
শানসি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। আয়তনের দিক থেকে এটি গ্রীসের চেয়েও বড় এবং সেখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের বসবাস। এই প্রদেশে গত বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়, যা চীনের মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
তবে দীর্ঘদিন ধরে শানসির খনি শিল্পে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত নিরাপত্তা মান বজায় না রাখার কারণে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা বারবার ঘটছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে খনিতে হাজার হাজার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যা শিল্প নিরাপত্তার বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।