মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুরুতেই এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান বিশ্বজুড়ে যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তার তুলনায় বর্তমান প্রস্তাবে যথেষ্ট দায়বদ্ধতার প্রতিফলন নেই। তার ভাষায়, “আমি কল্পনাও করতে পারছি না এটি গ্রহণযোগ্য হবে। মানবতা ও বিশ্বের ওপর যে আঘাত তারা হেনেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করা হয়নি।”
এর আগে গত শুক্রবার তেহরানের পাঠানো একটি যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরানের প্রস্তাব তাকে সন্তুষ্ট করতে পারেনি।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই নতুন করে সামরিক অভিযানের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। তার মতে, ইরান যদি আবার “অসদাচরণ” করে বা নতুন কোনো হুমকি তৈরি করে, তাহলে হামলার সম্ভাবনা বাস্তব।
বর্তমান সংকটের সূচনা হয় চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালায়। এরপর প্রায় ৪০ দিন ধরে সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ট্রাম্প সেই যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ান।
গত বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার নতুন প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠায় ইরান। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর বক্তব্য তেহরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশলের অংশ হতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে থাকার কথা জানালেও ইরানের প্রতি নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট।