যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এখন ‘শেষের খুবই কাছাকাছি’। তবে মার্কিন সামরিক বাহিনীর অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা যুদ্ধ এখন সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। তিনি বলেন, “আমার মনে হয় ইরান যুদ্ধ শেষের পথে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে।”
ট্রাম্প আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনই ইরান থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নেয়, তবে দেশটির পুনর্গঠনে অন্তত ২০ বছর সময় লাগবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মার্কিন বাহিনীর অভিযান এখনও শেষ হয়নি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান।
যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দুই দেশের সরকারি প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২২ ঘণ্টা আলোচনা হলেও কোনো সমঝোতা চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
তবে ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। সংবাদটি প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।