জয়পুরহাটের পাঁচবিবি বাজার থেকে বেগুনের চারা কিনে জমিতে রোপণের পর বিপাকে পড়েছেন মঠপাড়া গ্রামের কৃষক বিনয় চন্দ্র বর্মন। গাছে ফুল এলেও ফলন না হওয়ায় প্রায় ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
কৃষক বিনয় চন্দ্র জানান, কয়েক মাস আগে পাঁচবিবি বাজারের বারোয়ারী মন্দিরের পশ্চিম পাশে শালাপাড়া-বালাতর গ্রামের এক চারা বিক্রেতার কাছ থেকে বেগুনের পুল কিনে পাথরঘাটা এলাকায় ২৮ শতাংশ জমিতে রোপণ করি। কিছুদিন পর গাছের বৃদ্ধি ও আকৃতিতে অস্বাভাবিকতা দেখা দেয়। গাছে ফুল এলেও কুঁড়ি ও ফুল ঝরে পড়ে, ফলে বেগুন ধরছে না।
তিনি বলেন, কীটনাশক প্রয়োগ করেও কোনো সুফল পাননি। পরে ক্ষতিগ্রস্ত গাছগুলো কেটে জমি থেকে সরিয়ে ফেলতে বাধ্য হন। অন্য এক ব্যক্তির কাছ থেকে আনা প্রায় ১০০টি বেগুনের চারা জমিতে ভালোভাবে বেড়ে উঠছে বলে জানান তিনি।
বিনয় চন্দ্রের অভিযোগ, চারা কেনা, জমি প্রস্তুত, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশক বাবদ তার উল্লেখযোগ্য অর্থ ব্যয় হয়েছে। কিন্তু ফলন না পাওয়ায় পুরো বিনিয়োগই ক্ষতির মুখে পড়েছে। প্রথম দফায় কেনা চারার মান বা জাত নিয়ে সমস্যা থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
ক্ষতিগ্রস্ত এই কৃষক বলেন, কষ্ট করে বেগুনের আবাদ করেছিলাম। গাছ ভালো না হওয়ায় এখন কেটে ফেলতে হয়েছে। এতে আমার প্রায় ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে।
তার অভিযোগ, চারা কেনার সময় মান ও জাত যাচাইয়ের সুযোগ না থাকায় তিনি আগে থেকে সমস্যাটি বুঝতে পারেননি।
তবে শুক্রবার হাটে বারোয়ারী মন্দিরের পাশে শালাপাড়া-বালাতর গ্রামের ওই চারা বিক্রেতাকে না পাওয়ায তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।