
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:১০

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে নিলুফা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
গ্রামবাসীরা দুই সন্দেহভাজনকে ধাওয়া করে আটক করেন। এরপর উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় একজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে গুরুতর আহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত ও আহত দুজনেরই পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। ঘটনার বিষয়ে পুলিশ গভীরভাবে তদন্ত করছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় গণপিটুনির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।