রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিক ভাবে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম বুথ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গোয়ালন্দ বাজার সংলগ্ন পোদ্দার বিল্ডিং অবস্থিত আইএফআইসি ব্যাংকের নিজস্ব কার্যালয়ের নিচে এ এটিএম সেবা উদ্বোধন করা হয়।
আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথ উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংক প্রধান কার্যালয়ের ইভিপি এন্ড হেড অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট অফিসার আবদুল্লাহ আল হাফিজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক ফরিদপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মাহফুজুল হক, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা প্রমুখ।
আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলায় আইএফআইসি ব্যাংকের সেবার মান উন্নয়নে আর একটি নতুন কার্যক্রম শুরু করা হলো। এতে করে আমাদের সম্মানিত গ্রাহকরা ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন। তিনি আরও বলেন, আইএফআইসি ব্যাংক সবসময় গ্রাহকদের সেবায় নিয়োজিত। আপনারা ব্যাংকে আসবেন। আমরা সার্বক্ষণিক সেবা দিতে প্রস্তুত আছি।