দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মমতাময়ী মা বেগম জেবুন্নেছা আর নেই।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি সকালে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নিজেই নিশ্চিত করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মৃত্যুকালে বেগম জেবুন্নেছার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তাঁর স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।
মরহুমার সন্তানরা তাঁর আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে মন্ত্রীর মায়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দিনাজপুর-৬ আসনের চার থানাজুড়ে শোকের ছায়া নেমে আসে। হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, তিনি একজন রত্নগর্ভা মা ছিলেন। তাঁর সন্তান দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।