ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর গ্রামে শের আলী গ্রুপ ও মশিউর গ্রুপের কর্মীদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে সংঘর্ষ সহিংস রূপ ধারণ করলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মোহন শেখ।
পরে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মোহন শেখ মারা যান। আহত আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, পরিস্থিতি এখনও উত্তপ্ত রয়েছে এবং দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।