
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০:৬

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার( খট্রামাধবপাড়া, বোয়ালদাড়, আলিহাট) তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দুইটি ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী এবং একটিতে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী রয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার ও ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে এবারে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ জন এবং সাধারণ সদস্য পদে ১১৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। পরবর্তীতে মনোনয়ন পত্র যাচাই-বাছাই এর দিনে ব্যাংক ঋণ খেলাপীর কারনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মফিজুল ইসলাম এর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে (২৬ অক্টোবর) মঙ্গলবার বোয়ালদাড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম রন্জু ও আলিহাট ইউনিয়নের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা তাদের প্রার্থীতা প্রত্যাহর করে নেয়। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ১২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। বর্তমানে উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৪ জন ও সাধারণ সদস্য পদে ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল(নৌকা) বিদ্রোহী প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাওছার রহমান (আনারস) বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক( ঘোড়া) স্বতন্ত্র প্রার্থী জামিল উদ্দিন (মোটরসাইকেল) মার্কা নিয়ে নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত অত্র ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী নৌকার জন্য চ্যালেন্জ হয়ে দাড়িয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
২নং বোয়ালদাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদরুল ইসলাম(নৌকা) বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন(চশমা), বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান মেফতাউল জান্নাত(মোটরসাইকেল) মার্কা নিয়ে নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নেও নৌকার মূল প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থীর চশমা মার্কা বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

৩নং আলিহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু সুফিয়ান(নৌকা), জাতীয় পার্টি(লাঙ্গল) জামায়েত নেতা সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম(চশমা) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা মোজাহার আলী(পাতপাখা) নিয়ে নির্বাচন মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থীর চশমা মার্কাকেই দেখছে সাধারণ মানুষ। এছাড়া লাঙ্গল প্রতীকের অবস্থানও ইউনিয়নে ভালো বলে মনে করছেন ভোটাররা।
বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমরা বিদ্রোহী দুজনের সঙ্গে আলোচনা করেছি। প্রার্থীতা প্রত্যাহারের বিষয়ে তাদের অনেক বলা হয়েছে। তাঁরা দলের সিদ্ধান্ত মেনে না নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু নির্বাচনে আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের সাথে নেই এবং সমর্থন করছে না। প্রার্থিতা প্রত্যাহার না করলেও দলীয় মনোনীত নৌকা প্রার্থীর জন্য এ ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করিনা।
দলীয় সিদ্ধান্ত না মানলে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সে ক্ষেত্রে দলের সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার শামীম বলেন, উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা সবধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। এছাড়াও তিনটি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবে।