
প্রকাশ: ৯ মে ২০২৬, ১১:৩৯

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ প্রদান করা হয়েছে ১৫ বিশিষ্ট ব্যক্তিকে। সদ্য চালু হওয়া এই পদক ঘিরে রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। দেশের ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনও এ পদকে ভূষিত হয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অবদানের জন্য সম্মাননা পেয়েছেন ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার ও সাংবাদিক আশরাফ কায়সার।

এছাড়া শিল্প ও ব্যবসা খাতে অবদানের জন্য শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার এবং ব্যবসায়ী আবদুল হককে স্বর্ণপদক দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমও সম্মাননা পেয়েছেন।
গত শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই পুরস্কার চালু করেছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রতিবছর দেশের উন্নয়ন, সমাজসেবা, সংস্কৃতি, সাংবাদিকতা, ক্রীড়া ও জনকল্যাণমূলক কাজে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের এই স্বর্ণপদকে সম্মানিত করা হবে।