প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৫

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা সরেজমিনে পর্যালোচনার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তদন্তও শুরু হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি হামলার সময় লুট হওয়া বিভিন্ন মালামাল ও আলামত উদ্ধারের কথাও উল্লেখ করেন তিনি। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও তিনি জানান। তাঁর ভাষ্য, অপরাধী যে পরিচয়েরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার করা হয়। ডিএমপির এক অফিস আদেশে তাকে প্রশাসনিক কারণে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করার কথা জানানো হয়েছিল।
পুলিশ কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে শুধু বদলি নয়, বিভাগীয় ও প্রয়োজনে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীতে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না বলে তিনি উল্লেখ করেন।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানা যায়। হামলার ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল লুট এবং স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দায়িত্ব পালনে কোনো কর্মকর্তা ব্যর্থ হলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।