এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাটা এন্ট্রি, তথ্য যাচাই ও চূড়ান্ত অনুমোদনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্কুল ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা আগামী ২৫ জুন পর্যন্ত অনলাইনে তথ্য ইনপুট, যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন। পূর্ব নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর অনেক প্রতিষ্ঠানে তথ্য এন্ট্রি ও যাচাই কার্যক্রম অসম্পূর্ণ থেকে যায়। সেই কারণে সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানায় মাউশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের কাজ সম্পন্নের পর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৫ জুলাই পর্যন্ত যাচাই কার্যক্রম পরিচালনা করবেন। এরপর জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করতে হবে ১৫ জুলাইয়ের মধ্যে।
এই সময়সীমা বৃদ্ধির মাধ্যমে মাঠ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সুযোগ দেওয়া হলো, যাতে কোনো প্রতিষ্ঠান তথ্য জমা থেকে বাদ না পড়ে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত) অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় একটি সফটওয়্যারভিত্তিক ডাটাবেইস তৈরি করে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সার্ভারজনিত কারিগরি সমস্যার কারণে অনেক প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি ব্যাহত হয়।
পরে সমস্যা সমাধান হলে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে পারেনি, তাদের জন্য এই অতিরিক্ত সময় দেওয়া হলো বলে জানিয়েছে মাউশি।