আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রপ্তানি এক লাখে উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি নাগরিক রাশিয়ায় বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। নতুন আলোচনার মাধ্যমে এই সংখ্যা বহুগুণ বাড়িয়ে এক লাখে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে।
উভয় দেশ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে, যাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য রাশিয়ার শ্রমবাজার আরও বিস্তৃত হয়। এতে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, রাশিয়ার বাজারে বাংলাদেশের শ্রমশক্তির পাশাপাশি তৈরি পোশাক ও ওষুধ খাতেও বড় সম্ভাবনা রয়েছে। এসব খাতে বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশ একমত হয়েছে যে বিদ্যমান বাণিজ্য পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম।
এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও শ্রম সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।