দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর পর আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” আখ্যা দিয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।
রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জনের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন। রিটে অভিযোগ করা হয়েছে, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের সম্পৃক্ততা রয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী এবং শিশু মৃত্যুর ঝুঁকি বাড়িয়েছে।
এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় নেওয়া সিদ্ধান্তগুলোর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিচারিক নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশে পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে রিটটি দাখিল করা হয় বলে জানান আবেদনকারী আইনজীবী।
রিটটি এখন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে।