হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দেশ ও কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে, যাতে দ্রুত জাহাজটির চলাচল স্বাভাবিক করা যায়।
তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি কিছু ক্ষেত্রে জাহাজ চলাচলে জটিলতা তৈরি করছে, তবে বাংলাদেশ সরকার তার নৌবাণিজ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, কূটনৈতিক উদ্যোগ সফল হলে খুব দ্রুত ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি নিরাপদে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারবে।