দেশব্যাপী জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ায় দেশের অভ্যন্তরে অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোসহ মোট ৯ জেলার ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে সুপরিকল্পিত কাঠামোর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী এলাকায় দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ক্যাম্প একজন কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম সমন্বয়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কঠোর নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করছে এবং দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি জনমনে আস্থা বৃদ্ধিতে কাজ করছে।