নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জানিয়েছে, বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে তফসিলও আজ ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করেন এবং কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কারণ গত ৩ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত রাখা হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন যোগ করে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন এবং বাকি এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়ী হয়েছে।
ইসি সূত্র জানায়, উপনির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।