আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানান তিনি। রাষ্ট্রীয় নিরাপত্তা ও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের প্রয়োজনে এসব বাহিনী প্রয়োজন অনুযায়ী ড্রোন ব্যবহার করতে পারবে।
বেবিচক সূত্র জানায়, সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থার গবেষণা, জরিপ, কৃষিকার্য, পরিবীক্ষণ কার্যক্রম কিংবা সরকারি সংস্থার আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে হলে বেবিচকের কাছে লিখিত আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র পাওয়ার পর বিশেষ অনুমতির মাধ্যমে ড্রোন উড্ডয়নের সুযোগ দেওয়া হবে।
এদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বেবিচক।
নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।