ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় পুলিশ প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। যাত্রীদের পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহ হলে ব্যাগ ও যানবাহন তল্লাশি করা হয়।
দুপুরে শাহবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রথমে গাড়ি থামানোর সংকেত দিয়ে চালককে হাত উপরে রাখতে বলা হয়। এরপর শরীর তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করা হয়। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশী এলাকায় অভিযান চালানো হয়েছে। কোনো নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম জানান, ৮/এ, ২৭ নম্বর সড়ক, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলায় তল্লাশি হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবিও পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ তল্লাশি কার্যক্রম চলবে।
রাতে গুলশান-বাড্ডা লিংক রোডে র্যাব-১ বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। র্যাব জানায়, ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া ও ফেরা নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে থাকবে।