পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শান্তিতে থাকার জন্য কিংবা ইনসাফ প্রতিষ্ঠার নামে কোনোভাবেই জুলুম করা যাবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রচারণার ১৬তম দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন গ্রামে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় এসব কথা বলেন তিনি।
ভোটারদের উদ্দেশে সারজিস আলম বলেন, গত দেড় বছরে একটি দলের কিছু নেতাকর্মী শান্তি ও ইনসাফের বিপক্ষে গিয়ে অপকর্ম করেছে। আমরা জুলাই অভ্যুত্থানে লড়াই করা সংগ্রামী জনতা। আমরা কি দু-চারজন চাঁদাবাজকে ভয় পাব? ভয় পাওয়ার কোনো সময় নেই।
তিনি আরও বলেন, যারা মানুষের ওপর জুলুম করেছে, মামলা-বাণিজ্য করেছে, তারা আমাদের নেতা হতে পারে না। যারা ক্ষমতায় না এসেই মানুষের ওপর নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে মানুষকে মানুষ মনে করবে না। এ ধরনের ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে আর মাত্র ছয় দিন বাকি। শেষ সময়ের প্রচারণায় পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবং পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।