
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০:৫২

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের ফলে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। এটির নাম দেয়া হয়েছে গুলাব (গোলাপ)। পাকিস্তানি ভাষায় নাম দেয়া এই ঘূর্ণিঝড়টির গতিমুখ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। এর প্রভাবেই দেশের নানা স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ভ্যাপসা গরম তৈরি হয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এজন্যই গরম বেড়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে গুলাব (গোলাপ)। এ নামটি দিয়েছে পাকিস্তান, এটির গতিমুখ ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। আগামী রবি ও সোমবারের দিকে বৃষ্টিপাত বাড়লে গরমও কমে আসবে।

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়ে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
এটি আরো ঘণীভূত হয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।
